নতুন বছর
নতুন দিনের নতুন আলো
লাগলো প্রাণে প্রাণে,
নতুন বছর সুর ছড়ালো
দোয়েল পাখির গানে।
বইলো হাওয়া শালবনেতে
পাতায় পাতায় দোলা
মন হয়ে যায় কেমন কেমন
উদাস আলাভোলা।
ঢেউ খেলে যায় নদীর বুকে
নতুন দিনের সুখে,
নতুন বছর সম্ভাবনার
স্বপ্ন জাগায় বুকে।
কালবোশেখি
কালবোশেখির ঝড় এলো যে কালবোশেখির ঝড়
সেই ঝড়েতে উড়ছে দেখো তালপাতারই ঘর
মড়াৎ করে পড়ছে ভেঙে গাছগাছালির ডাল
নদীর ঘাটে নৌকাতে আর দুলছে না যে পাল।
টিনের চালে টপ-টপা-টপ পড়ছে যখন শিল
ভয় পেয়ে সব মানিক সোনা ঘরেতে দেয় খিল।
কাঁচা-পাকা আমগুলো সব পড়ছে গাছের তল
দুহাত দিয়ে ভরছে ঝুড়ি দুষ্টু ছেলের দল।
আকাশ জুড়ে উড়ছে না আর কান ফাটানো কাক
গোয়ালঘরে হাম্বা রবে দিচ্ছে গরু হাঁক ।
ধ্বংস নিয়ে আসছে ছুটে কালবোশেখির ঝড়,
বুকের মাঝে শুধুই জাগে ভয়াল বালুচর।
ঝড়
ঢাক গুড় গুড় বাজিয়ে মাদল
বোশেখ আবার এলো,
বাঁশের বনে সবুজ টিয়ে
উড়ছে এলোমেলো।
এসব দেখে দুষ্টু খোকার
মন হয়ে যায় উড়ু,
মুক্ত মাঠে ছুটতে থাকে
হাওয়ায় কাঁপে ভুরু।
দূরের বনে পাতায় পাতায়
বাতাস করে খেলা,
সেই বনেতে বেড়ায় ঘুরে
খোকন সারাবেলা।
হঠাৎ আকাশ কালচে হলো
আসলো ধেয়ে ঝড়,
মায়ের ডাকে দুষ্টু খোকা
ফিরল শেষে ঘর।
ঝড় এলে
ঝড় এলে ঝড়
ঘর কাঁপে ঘর
ছোট খোকা
হয়ে বোকা
কাঁপে থরথর।
মোড়ে মোড়ে ঘুলো ওড়ে
ওড়ে আম ডাল
আম ঝরে
জাম ঝরে
আরো ঝরে তাল।
মেঘে মেঘে থেকে থেকে
ডাকে কড়কড়।
ঝর এলে ঝড়
উড়ে যায় খড়
ঝরে কুল
টুলটুল
পেয়ারা ও গাব
আরো পড়ে ডাব।
বাঁশ বেত
ধানক্ষেত
হয় নড়নড়
ঝর এলে ঝড়
ছড়াকার ছড়া লেখে
ভেবে অতঃপর।
কালবোশেখি
নীল আকাশের কালো কালো মেঘের উড়োউড়ি
জানলা দিয়ে তাকিয়ে থাকে ছোট্ট খুকু বুড়ি
ঢুকতে খোপে মুরগিগুলো লাগায় হুড়োহুড়ি।
হঠাৎ আবার গাছগাছালি নড়ে
হিজলগাছের ঢাল ভেঙে যায় পথের ওপর পড়ে
বলল দাদু, সব উড়ে যায় কালবোশেখি ঝড়ে।
তারস্বরে ডাকছে গরু, ডাকছে ভয়ে ছাগল
কোথায় গেল খেতের বেড়া গোয়াল ঘরের আগল
হাটের মানুষ ঘাটের মানুষ ছুটছে যেন পাগল!
ধুলোয় ধুলোয় ষষ্ঠীতলা হলো আঁধার পারা
কর্মে কাজে দোকান জুড়ে ব্যস্ত ছিল যারা
বাঁচাও বাঁচাও ডাক দিয়ে যে কোথায় গেল তারা।
ঝড় থামলো ঝড় থামলো ঘণ্টাখানেক বাদে
সৈয়দপুরের শামসু নানা বুক কিলিয়ে কাঁদে
ঘরখানি তার পড়ে আছে বামনপুরের বাঁধে।
প্রশ্ন
লুটের দেশে
কিসের বর্ষ
লুটের বেশে
কিসের হর্ষ?
রক্ত চুষে আমার দেশে
খাচ্ছে কারা,
তাদের তাড়া ছাত্র-সমাজ
আবার তাড়া।
নিচ্ছে কেড়ে গরিব দুখীর
সুখের হর্ষ,
কেমন করে করবো পালন
নববর্ষ?
জলছবি/মেজবাহ মুকুল

