কোচিং সংক্রান্ত একটি কৌশলী বিজ্ঞাপন 


কোচিং সংক্রান্ত একটি কৌশলী বিজ্ঞাপন 

হাসুন
উচ্চস্বরেই হাসুন
হাসি হার্টের জন্য বেশ উপকারী ;

তবে হাসি দূষিত হলে সমাজ ব্যাধিগ্রস্ত হয়
হাসি ক্রর হলে মানুষ আক্রান্ত হয় করোনার মতো কুৎসিত ডিজিজে,
আর আপনার ফুসফুসে পচন ধরবে একথা নির্দ্বিধায় বলতে পারি;

তাই হাসার আগে কেন হাসবেন
কি জন্য হাসবেন
কীভাবে হাসবেন —এই সব  খুঁটিনাটি শিখে নেয়া শ্রেয়;

এসব তথ্য কোথায় পাবেন ?
কেন গুগল আছে না
সার্চ দিন,
ঠিক পেয়ে যাবেন;

আর যদি না পান , আমার কোচিং এ আসুন
ভর্তি ফি আর বেতন একদম ফ্রি;
ভর্তি হয়ে দেখুন
পাশের শতভাগ নিশ্চযতা আছে।

নুনের কৌটা
অবহেলা গায়ে মেখে কিচেনে কিংবা ডায়নিংটেবিলে পড়ে থাকে নুনের কৌটা ,
বলতে পারেন –মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ,
সংসারের আর কোথাও তার
প্রবেশাধিকার নেই  ;

অথচ সে প্রতি নিয়ত শিখিয়ে দেয় স্বাদ আর পরিমিত বোধের পাঠ ,
তাকে ছাড়া রন্ধন শিল্প মুখ
থুবড়ে পড়ে ;

বিশ্বাস না হলে ”নুনের মতো ভালোবাসা ‘ গল্পটি
একবার পড়ে দেখতে পারেন  ।

আমাদের সমাজ সংসারে পরিত্যক্ত বয়স্ক
মানুষ গুলো এক একটি নুনের কৌটা,
প্রজ্ঞা আর পরিমিত বোধের প্রমাণিত
আধার।

ভার্চুয়াল

গভীর রাতে ঘুম ভেঙ্গে গেল এন্ড্রয়েট
ফোনটি খুঁজি ,
আমার সমস্ত মনোযোগ তখন
মোবাইলটির দিকে ,
কখনো পেতে একটু দেরি হলে উদ্ভ্রান্তর মতো
বলে উঠি —আমার ফোন! আমার ফোন!

ছোট্ট শিশুটির মাথার নিচ থেকে বালিশ
এবং শরীর থেকে গরম কাপড় সরে গেছে ,
তীব্র শীতে সে বলের মতো গুটিয়ে আছে
একটু পাশ ফিরলেই চৌকির নিচে —
আমি দেখতে পাইনি;

স্ত্রী শ্বাসকষ্টের রোগী
ইনহেলার খুঁজে পাচ্ছে না
আমার সময় নেই, ভার্চুয়াল বন্ধু অসুস্থ
লাইভে তাকে পরামর্শ দিচ্ছি;

বাবার ওষুধ নেই, বুকের ব্যথাটা বড্ড‌ বেড়েছ
হাসপাতালে নিতে পারলে ভালো হতো ,
নিদেন পক্ষে স্থানীয় কোনো
ডাক্তারের কাছে নিয়ে যাওয়া  যেত,

কিন্তু,সময় নেই —স্টার সেন্ডারদের সাথে
আজ আমার ভার্চুয়াল বৈঠক;

দিন শেষে পৃথিবী হাতের মুঠোয়
ততক্ষণে আমার হাত ফস্কে বেরিয়ে গেছে
আরেকটি পৃথিবী।

ধূপকাঠি

পবিত্র অনুষ্ঠানসমূহে ধূপকাঠি জ্বালানো হয় ,
ধর্ম বর্ণ নির্বিশেষে ধূপ কাঠির ব্যবহার
প্রশ্নাতীত ;

ধূপকাঠি কে তৈরি করলো
হিন্দু না মুসলিম
বৌদ্ধ না খ্রিস্টান —এ ব্যাপারে কারো
মাথা ব্যথা নেই ;

বিষয়টি দেখে মনে হতে পারে —বাঙালির মতো
অসাম্প্রদায়িক জাতি পৃথিবীতে
আর একটিও নেই —ভাবতে ভীষণ ভালো লাগে ;

কিন্তু একটি কৌতূহল আমার ভিতর
থেকেই গেল —কী আছে ওই ধূপ কাঠি ভিতর
যা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প
এক নিমিষেই নিঃশেষ করে দিতে পারে ;

যারা সাম্প্রদায়িকতার মাদকে আসক্ত
তারা নিয়মিত ধূপ কাঠি ব্যবহার
করতে পারেন
শতভাগ সুফল পাবেন —গ্যারান্টি দিতে পারি।

শব্দ বিক্রির মার্কেট 

ডলারের দর পতন হয়েছে
রুপি কিংবা টাকার কথাও অবান্তর’
হু হু করে বাড়ছে শব্দ পণ্যের দাম
আসুন ‘ মুক্ত শব্দের অর্থনীতির জয় হোক’
এই শ্লোগানটি আমরা একসাথে দেই;

যে যত চাতুর্য মেশাতে পারে শব্দের ভেতর
যে যত সত্যের পালিশ দিয়ে  মিথ্যায় পরিপূর্ণ
শব্দ সাজাতে পারে
তার পণ্যের দাম হু হু করে বেড়ে যায়;

আরে রাখুন তো মশাই আপনার অর্থের কথা
রাখুন বিত্ত বৈভবের কথা
সম্পদ ও সম্মানের কথা
এগুলো তো সব শব্দের দাস
দেখেন না বাক চাতূর্য ছাড়া এখন পৃথিবী অচল;

পৃথিবীর সবচেয়ে সৎ মানুষগুলোর নাম এখন ভদ্র ভাষায় বললে বলা যায় বলদ
এর চেয়ে ভদ্র ভাষা আমার আর জানা নেই;

না না
আমার কথা শুনে আপনাদের হাততালি দেয়ার কোনো প্রয়োজন নেই
ওটি রাজনীতিবিদ ও ধর্ম-বণিকদের জন্য রেখে দিন
দেখবেন কাজে আসবে;

বিশ্বজুড়ে এখন শব্দ বিক্রির মার্কেট
তার চেয়ে চলুন আমরা ওখানে একটু ঢুঁ মেরে আসি।