জীবন মানে কেবল ঘরহারা ছায়া নয়


 

জীবন মানে কেবল ঘরহারা ছায়া নয়

রেললাইনের পাশে দাঁড়িয়ে
এক কিশোর দেখছে সূর্য ডুবে যাচ্ছে
না, কোনো বিষণ্নতা নয়
ওর চোখে লাল আলো ছুঁয়ে দিয়েছে সাহস।

অদূরে ভাঙা দেয়ালের ফাঁকে চারা গজিয়েছে।
ও ভাবে, বেঁচে থাকার মানে খুঁজে পেতে
সবসময় অট্টালিকার দরকার হয় না।

ওদের কলোনিতে আগুন লেগেছিল গত সপ্তাহে
ওদের ছাপরা পুড়ে গেছে,
ওর বাবা এখনও নিখোঁজ।
তবু আজ হঠাৎ একটা কবুতর এসে বসেছে,ওর কাঁধে।

এই শহরে স্বপ্নরা দৌড়ে পালায়
তবু কারও কারও পায়ের নিচে
জমে থাকে ভোরের শিশির।

কিশোর জানে, জীবন মানে কেবল ঘরহারা ছায়া নয়
কখনও কখনও অন্ধকার ঠেলে
একটা সাদা ফুল ফুটে ওঠে
পোড়া মাটির বুক চিরে।

শাহবাগ

যদি কেউ জিজ্ঞেস করে-
প্রতিবাদ কোথা থেকে জন্ম নেয়?
সকলেই বলবে, শাহবাগ থেকে।

শাহবাগ কেবল একটি স্থান নয়
ইতিহাসের শিরায় খচিত আগুন।
শাহবাগ একটি পাঁজর-কাঁপানো নাম
যেখানে দাবী হয়ে ওঠে জনতা।

যখন গোটা শহর বা দেশ জেগে ওঠে
শাহবাগ গাছেদের ছায়ায় রেখে দেয় প্রতিবাদ।
তার পাঁজরে বাজে ধ্বনি
ছেঁড়া ফেস্টুনে লেগে থাকে
এক একটি প্রজন্মের হাতের ছাপ।

এখানে কতো জুতো ছিঁড়েছে ক্ষুব্ধ পদযাত্রায়,
কতো চোখ ভিজেছে অশ্রুজলে,
কতো মাথা উঁচু হয়েছে, ন্যায়বিচারের প্রত্যয়ে?

ফুলের সুবাস মেখে শাহবাগের পথে হেঁটেছে
আন্তরিক প্রেমিক-প্রেমিকারা
যারা ভালোবেসেছে দেশ, ভাষা,
রাজনীতি, ভোট ও স্বাধীনতা, এবং অধিকার।

যারা জেগে থেকে দেখেছে একটি মুক্ত সকালের স্বপ্ন
তারা জানে, শাহবাগ কেবল একটি পথ নয়
আত্মার মিছিল, চিরন্তন চৌরাস্তা
যেখানে হৃদয় ও চেতনা একে অপরকে জড়িয়ে ধরে।

 

একটা মন একা হাঁটছে

রাতের পথে দিয়ে
একটা মন একা হাঁটছে
কোথাও আলো জ্বালানোর আশায়।

পেছনে পড়ে আছে
ভাঙা ঘর, ভেজা ছাদ, নিঃসঙ্গ খাট।
নিজের গন্ধে ক্লান্ত হয়ে
মন ভুলে গেছে তারও একদিন স্বপ্ন ছিল।

মন চুপচাপ হেঁটে চলে যায়
কেউ তাকে ডাকে না
কেউ জিজ্ঞেসও করে না
তুমি কেমন আছো?

ভেতরের শূন্যতা নিয়ে
সে এমন এক জায়গায় চলে যায়,
যেখানে কেউ থাকে না,
কোনো শব্দ নেই, আলো নেই, শুধু নিস্তব্ধতা।

পথের ক্লান্তি শেষে, মন পড়ে থাকে
এক ফাঁকা চাতালে
মৃত চাঁদের আলো তার গায়ে পড়ে থাকে
একটা নিঃশব্দ সম্মানের মতো।

 

অমল স্পর্শের স্মৃতি জলে ভেসে যায়

কখনও এমন কোন নদীর কিনারে দাঁড়িয়েছো?
যে নদীর জল কথা বলে না,
মাছের জালের মত ধীরে ধীরে ছড়িয়ে
টেনে নেয় নিজের গভীরে?

আমি তেমন নদীর পারে বসে থেকেছি
রোদে, জোছনায়, এমনকি বৃষ্টিতেও
প্রত্যেক ঢেউয়ে খুঁজেছি একটি ডাক
এসো,আজ একসাথে হারিয়ে যাই।

কিন্তু কেউ আসে না নদীর সেই ঘাটে,
শুধু আমি,আর কিছু অমল স্পর্শের স্মৃতি,
যারা জলে ভেসে যায় নিঃশব্দে।

 

তুমি একা নও

ভালোবাসা মানে কি কেবল অনুভব
কথা, চিঠি, নাকি চোখের নরম ভাষা?
যেটা বুকের ভেতর পোড়ায়, জ্বরের মত।

তুমি কি কখনও এমন কাউকে চেয়েছো
যাকে ছুঁয়ে দিলে নিজের সীমানা ভুলে যাও?
যার স্পর্শে রঙ বদলায় নিজেরই অভ্যন্তর?

আমি চেয়েছি, তোমার চোখে ডুবে
একটা আলো খুঁজে নিতে
যা সমস্ত অন্ধকারকে আলতো করে বলে
তুমি একা নও।