জ্বলন্ত কুহক
যে জীবনে কোনো রঙ নেই;
ব্যথাসমেত ঘাস হয়ে লুটিয়ে আছে গন্ধহীন—
উজ্জ্বল আলোয় ফিরবে না স্বাদ নিয়ে নতুনের!
মৃত সব উজ্জ্বল নক্ষত্রের সারিবদ্ধ আওয়াজ; অধিকার
স্মিত হাসি হেসে লুট হয়ে গেছে চোরাগুপ্তা পথে—
দেবীর— প্রাঞ্জল শরীরে মায়াবি কালরাত্রির জামদানি
চোখের ভেতরে ভেসে উঠে আশা-নিরাশার জ্বলন্ত কুহক!
সব-পথ-সব-মত-সব-স্লোগান ভে ঙে প ড়ে ছে—
বাংলার বুলেটে! আকাশেও উড়ছে বারুদপোড়া ধোঁয়া
প্রজন্ম বুক পেতে আছে সাজানো আগ্নেয়াস্ত্রের সম্মুখে!
বিশেষ দ্রষ্টব্য
স্বপ্ন দেখাটাই ভুল!
বিশেষত; বৈভবহীন জীবনযাত্রায়
পৃথিবী— সেতো বিত্তবানদের নাচের মুদ্রায় প্রাণবন্ত
সরলজীবনের কাছে; পৃথিবী— একটা উপরতলার সিঁড়ি
পায়ের কাছে নতজানু থাকে অসহায় ঢংয়ে যেন তুচ্ছ কীট!
একটা সরলজীবনের ব্যর্থগল্প জলের মতো নাটকীয়!
উত্তাল ঢেউ ওঠে, প্রচণ্ড আঘাতে পাড় ভাঙে এবং
অবশেষে— খড়কুটো নিয়ে প্রবাহমান…
পৃথিবীমঞ্চে বেঁচে থাকা দারুণ এক যন্ত্রণাদায়ক আখ্যান!
এবং অন্যদের রাহসিক আনন্দযাত্রা
বিশেষ দ্রষ্টব্য:
একটা সরলজীবন শুকনো ফুলের মতো খুব দ্রুত ঝরে পড়ে !
দুর্বিষহ সময়
দুর্বিষহ সময়ের ঘোর লেগেছে আগমনী বৈশাখি-রঙে
এই তপ্ত রোদে কৃষ্ণচূড়ার রঙে লেগেছে শ্রমিকের রক্ত
আহা— চারিদিকে মৃত্যুঘ্রাণ! অণুজীব আর পুঁজিবাদ—
সমার্থক হয়ে দাঁড়িয়েছে উৎপাদনশীল দুয়ারে; কেননা
পরস্পরের লক্ষ্য এখন— প্রাণ নিহতকরণ!
শ্রমিক আর শ্রমের মূল্য বিসর্জন যাচ্ছে অন্ধকূপে;
পুঁজিবাদের মুখে অট্টোহাসির ঝরনা!
সু-দিন, নিশ্চয় আসবে ফিরে এমন দিন থাকবে না৷
পুঁজিবাদের ধান্ধাবাজি যেইদিন আর চলবে না৷
জাগানিয়া গান
রাতের গভীরে—
দিনের চরিত্রগুলো উজ্জ্বল হয়ে ওঠে!
দিবালোকের আলোয় আবছায়া
ধূসর কিংবা উজ্জ্বল দু-পথেই হাঁটছে—
কোনো এক পথে—
নেমে
যাবার কথা
থেমে ছিলে কী?
কার মুখ দেখে—
নেমে গেছ
ভিন্ন পথে—
রাজপথ, অলিগলি কিংবা সরু রাস্তায় অপভ্রংশ পড়ে আছে!
ক
বি
তা
র…
ভাষারা মৃতপ্রায় এখন!
আহা! ওঠো, আহা! জাগো, জাগো, ওঠো, ওঠো, জাগো…
গীতিকবিতা
ও দুটি চোখে কেনো এত কাজল
মেখে আছো তুমি রূপেরও ছল
ওগো সন্ধ্যা ফিরে কী যাবো না ঘর
কেনো যে মেখে আছো এত কাজল!
তোমার ঐ দুটি হাতে কাকনের ছন্দ
মনেতে জাগালো যে বিরহেরও দ্বন্ধ
এমন বিরহে আমি পুড়ে যেতে চাই
ওগো সন্ধ্যা ফিরে কী যাবো না ঘর
কেনো যে মেখে আছো এত কাজল!
তুমি তো জানো নাকো বিরহের যাতনা
গোলাপেরও কাঁটা রক্ত ঝরায় পথে
এমন রোহিত আমি ঝরাতে যে চাই
ওগো সন্ধ্যা ফিরে কী যাবো না ঘর
কেনো যে মেখে আছো এত কাজল!

