অলকানন্দায় কার মুখ হাসে


গুচ্ছ  কবিতা

অলকানন্দায় কার মুখ হাসে

কেউ জানে না, তার হাসি কার মৃদঙ্গে সুর তোলে,
কত নির্জন মধ্যরাতে কার হৃদযে।
প্যরিস রোডের প্রাচীন বৃক্ষ দীর্ঘশ্বাস ওড়ে ওড়ে ভাসে

গালের ছোট্ট টোলে মতিহারের দিগন্ত সবুজ,
নিঃসঙ্গতার ক্যানভাসে নাম না জানা মাঝির গান,
অলকানন্দা হয়ে , ফোটে, ঝুল বারান্দার গ্রীলে,
তারই ক্ষণিক রূপে অনন্ত গল্প হেমন্তের পাকাধানে।
বলা হয়নি ওগো ভালবাসা ভালবাসি,
বুকের দেরাজে রাখা ন্যপথলিন মোড়ানো
মুখখানি অলকানন্দায় মুচকি হাসে।
কোনদিন যদি ঝরে যায় ফুল, মুছে যায় রং,বদলে যায় ঋতু
তবুও হৃদয় বাজবে বনলতা এক্সপ্রেসের কু ঝিক কু ঝিক

অলকানন্দায় কার মুখচ্ছবি কার টোলপড়া হাসি?
প্রেম নয়, প্রেমেরও অধিক কি নামে ডাকি তাকে?
বাউন্ডলে কবির হৃদ কম্পিউটারের কীবোর্ডে
শব্দফুল ফোটে বাক্যের স্বরলিপিতে,
তার কাছে জমা এক ঘুমহীন রাতের ঋণ….

 

মেঘহীন হৃদয়

বর্ষা আকাশে নয়, স্মৃতির ভেতর জল পড়ে,
যে কান্না গভীরে লুকিয়ে থাকে, অশ্রু হয়ে নদী জলে খেলে।
ছাতা কি বৃষ্টি ঠেকায়, অথচ বোঝে না,
সেই হৃদয়ই ভেজা , যেখানে কোনো মেঘ নেই।

বৃষ্টি সব ধুলো মুছে ফেলে নীরবে, আত্মা অনুতাপে ,

তবুও পুরোনো ব্যথা বর্ষায় হঠাৎ সবুজ হয়ে ওঠে।

বর্ষা আকাশের দীর্ঘ ধ্যানের ভাঙা উচ্চারণ,
ফোঁটা ফোঁটা জলে লেখা থাকে অস্তিত্বের গোপন বয়ান।
বৃষ্টির শব্দে নিজের নীরবতা শুনতে পায়,
সে জানে—প্রতিটি জলের ফোটা আসলে ভেতরের দিকে যাত্রা।

 

শস্যের কাছে মানুষের ঋণ

হেমন্ত আসে, মাঠের সমস্ত সবুজ সোনার দাম মাপে।
প্রতিটি ধান কৃষকের ঘামের অনুবাদ স্বপ্নের সমান

কুয়াশা চাদর পরম মমতায় ঢেকে রাখে
মাটির অনুচ্চারিত ওজনদার ইতিহাস।
গোলাভরা শস্যে হেসে ওঠে উৎসবের আনন্দে

শুধু মাটিই জানে, প্রতিটি ধানের পাশে
ক্ষুধার্ত চোখগুলো অনিমেষ তাকিয়ে আছে
নবান্নের পরমান্ন পরমানন্দে

হেমন্ত পাঠ্যবই খুলে শ্লেট পেন্সিলে আঁকে
প্রাচুর্যের চেয়ে প্রয়োজন ন্যায্য বন্টন
মানুষের সাথে মানুষের করা এ এক অঙ্গীকার

পরিপুষ্ট ধানে কৃষক নুয়ে আছে বিনয়ে
শূন্য বলে কি উদ্যত মহাজন?
তাহলে হেমন্তে সাদা পৃষ্ঠা গুনবে পৃথিবী….

 

স্থাপত্যকলার আদি অরণ্য

নদীর বুকে জমে অদৃশ্য কান্না,
পাহাড়ের গায়ে ক্ষতের মতো খসে পড়ে ত্বক।
বাতাসে ভাসে এক অনামা শোকবার্তা—

অরণ্যের ভেতর পাখিরা গান গায় না,
তাদের সুর হারিয়ে গেছে বিনাশের শব্দে।
মেঘেরা আজ নিশ্চিন্তে ভাসে না,

সমুদ্রের ঢেউয়ে লুকিয়ে থাকে ক্ষোভ,
বরফের পাহাড় গলে ফিসফিস করে মৃত্যুর গল্প।

সূর্যের উত্তাপে পুড়ে যায় সময়ের কোমল মুখ।
এই পৃথিবী একদিন ছিল রঙিন স্বপ্নের মতো,
আজ তা ধূসর দুঃখের আয়নায় বন্দী।
গাছেরা দাঁড়িয়ে থাকে নির্বাক সাক্ষী হয়ে,
তাদের শিকড়ে জমে ওঠে মানুষের অপরাধ।
মানুসের হাতে প্রকৃতির দুঃস্বপ্নের খসড়া
অলক্ষে বিন্দু বিসর্গ শুভবার্তায় সবুজ
অংকুরিত হয় স্বপ্নচারা নিঃশব্দে।

নাগরিক স্থাপত্যকলার পাশে পরম মমতায়

থাকুক আদি অরণ্য ….

 

রেলগাড়ি চলে যায়

বগি ভর্তি মানুষ নিয়ে রেলগাড়ি চলে যায়,
পেছনে পড়ে থাকে দুটো লোহার সমান্তরাল নীরবতা।
কেউ জানে না, কোন স্টেশনে কার শেষ যাত্রা,
কোন জানালায় শেষবারের মতো দৃষ্টি রেখে যায় কেউ।
আমরা আসলে সবাই যাত্রী,
কেউ সম্পর্কের, কেউ সময়ের, কেউ নিজেরই জীবনের।
যাদের পাশে বসে পথটাকে অনন্ত মনে হয়েছিল,
তারা নেমে গেছে, ট্রেনটি ছুটেই চলেছে।

সে জানে চলে যাওয়ার চিরন্তন ব্যাকরণ।
রেলগাড়ি গন্তব্যে ছোটে, যাত্রীরা যার যার ঠিকানায়,
শুধু রেললাইন পড়ে থাকে,
অসংখ্য জীবনের অসমাপ্ত গল্প হয়ে…

জলছবি/এমএম