কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতা নিয়ে বিশেষ ‘আবৃত্তি সন্ধ্যা’


বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিনের একক ‘আবৃত্তি সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মনোমুগ্ধকর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রহুল কবির রিজভী।

‘রেজাউদ্দিন স্টালিন যতি চিহ্নহীন’ শীর্ষক এই কবিতা আবৃত্তি অনুষ্ঠানে কবির কবিতা থেকে দেশের প্রথিতযশা আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করে।

আবৃত্তি সংগঠন ‘ধূমকেতু’ আয়োজনে ও শিল্পী আকতারের উপস্থাপনায় আবৃত্তি পরিবেশনা করেন— সীমা ইসলাম, টিটো মুন্সী, এনামুল হক জুয়েল, ইকবাল আহমেদ, ফারহানা তৃণা, মাহিনুর মুমু, মাহবুবুর রহমান টুনু, ফারজানা এ্যালি, মাহী ফারহানা নাজিয়া আফরিন।

এতে প্রত্যেক আবৃত্তি শিল্পী কবির স্করচিত ৫টি করে কবিতা আবৃত্তি করেন।

এ সময় মুক্ত আলোচনায় অংশ নেন কবি মতিন বৈরাগী, কবি হাসান হাফিজ, কবি মোহন রায়হান, কবি আমিনুল ইসলাম, কবি সাখাওয়াত টিপু, কবি জামসেদ ওয়াজেদ কবি সৈকত হাবিব এবং কবি আসাদ কাজল।

আলোচকগণ বলেন, কবি রেজাউদ্দিন স্টালিনের এক নিজস্ব আকাশ আছে। অসাধারণ কবি প্রতিভা তার। পৃথিবীর নানা ভাষায় অনূদিত স্টালিনের রচিত কবিতা এখন আন্তর্জাতিক খ্যাতিতে দ্যুতিমান। নিজস্ব স্বর ও স্বভাবে তিনি স্বকীয় বলেও উল্লেখ করেন তারা।

জলছবি/মেজবাহ মুকুল