মেলায় এলো জাবেদ ইমন-এর উপন্যাস ‘আত্মজা’


জীবনের প্রেম, ভালোবাসা, বিরহ-বিধূর, সম্পর্কের টানা-পোড়ন ও দুর্দশাময় ঘটনা নিয়ে লেখা উপন্যাস ‘আত্মজা’। বাস্তবতার সাথে সামঞ্জস্য থাকলেও কাল্পনিক চিন্তা থেকে উপন্যাসটি রচনা করেছেন কথাশিল্পী জাবেদ ইমন। বইটি প্রকাশ করেছেন মুক্তদেশ প্রকাশনী। স্টল -৫৫০-৫৫১।

গ্রামের সহজ-সরল, সুন্দরী এবং মেধাবী মেয়ে রাজিয়া। কলেজে পড়া অবস্থায় পৌর চেয়ারম্যানের সুদর্শন যুবক আশিকের প্রেমে পড়ে। তারপর জীবন মোড় নতুন আরেক জীবনের দিকে। কিন্তু কোন দিকে?

উপন্যাসের বিষয়ে কথাশিল্পী জাবেদ ইমন বলেন, রাজিয়া কলেজ পড়া অবস্থায় প্রেমে পড়ে আশিক নামে এক যুবকের সঙ্গে। কিন্তু কোনো এক দূর্ঘটনায় তাঁদের প্রেমে নেমে আসে ভয়াল অমানিশা। দুজন ছিটকে পড়ে দুই মেরুতে। ততদিনে রাজিয়া সন্তান সম্ভাবা হয়ে পড়ে। ঠিক সে সময় আশিক হারিয়ে যায় রাজিয়ার জীবন থেকে।

ঔপন্যাসিক জাবেদ ইমন বলেন, তারপর অকূল সমুদ্রে হাবুডুবু খেতে থাকে রাজিয়া। তার এক বান্ধবী আশ্রয় দেন। সেখানে ভূমিষ্ঠ হয় তার কন্যা সন্তান উপমার। উপমা বড় হয়ে ভাগ্যের নির্মম পরিহাসে পড়াশোনা শেষ না করতেই অন্ধকার জীবনের পথে পা বাড়ায়। সেই অন্ধকার পথেই একদিন দেখা মেলে, তাঁরই ঔরসজাত পিতা আশিকের সাথে।

আমাদের ভুল পথ ও সিদ্ধান্ত জীবনকে একসময় এমন এক কঠিন মুহূর্তে দাঁড় করায় তখন জীবনকে দিতে হয় সময়ের কাছে চরম কৈফিয়্যত। লেখক যেন সেই জীবনের কথাই বলছেন তার উপন্যাসে।

লেখক পরিচিতি:

জাবেদ ইমন। পিতা জনাব রুহুল আমিন মজুমদার, মাতা সাজেদা আমিন। জন্ম ঢাকার ফকিরাপুলে। পৈত্রিক ভিটা, ইলিশের শহর চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

জাবেদ ইমন, সাহিত্যের সব শাখাতেই যার কম-বেশি পদচারণা রয়েছে। চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনাকালিন সময়ে কবিতা দিয়ে সাহিত্যের হাতেখড়ি। এরপর গল্প, ফিচার, গবেষণা, শিশুতোষ গল্প ও উপন্যাস লিখছেন নিয়মিতভাবে। পড়াশোনাকালীন সময়ই সাংবাদিকতা ও সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। পড়াশোনা শেষে ২০০৫ হতে দীর্ঘ ২০ বছর ধরে প্রকাশনা ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছেন।

মুক্তদেশ প্রকাশন-এর সত্বাধিকারী এই লেখকের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-তখন না হয় এসো (২০২৫), জেগে আছি তোমার চোখে (২০০৯), একমুঠো সকাল (২০১৫)। প্রতারক প্রেমিক ও সরল মেয়ের গল্প (উপন্যাস-২০১১), কবি ও আগুনসুন্দরী (উপন্যাস- ২০১৬), স্বপ্ন অথবা ভালোবাসার গল্প (গল্পগ্রন্থ-২০১৩), রহস্যময়ী, মোঘল শাহজাদীর কান্না (গল্পগ্রন্থ-২০২৬) ভূতের বাড়িতে একরাত, মোটকুমামার গোয়েন্দাগিরি, ভূতের বিয়ে (শিশুতোষ)। ‘নির্বাচিত প্রেমের কবিতা, ‘সাত তরুণের কবিতা’, ‘বর্ষার কবিতা’সহ সম্পাদিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০টি। ‘আত্মজা’ তাঁর লেখা তৃতীয় উপন্যাস।

তবুও সবকিছু ছাপিয়ে তিনি মূলত একজন ঔপন্যাসিক।