বইমেলায় এসেছে ড. রেবেকা সুলতানার বই ‘স্বপ্ন ছোঁয়ার অভিযাত্রা’


বইমেলায় এসেছে ড. রেবেকা সুলতানার বই ‘স্বপ্ন ছোঁয়ার অভিযাত্রা’। স্বপ্ন এবং সফলতার সঠিক সিঁড়িতে চলার সঠিক দিক নির্দেশনামূলক চমৎকার একটি বই। বইটি প্রকাশ করেছে ‘শিলা প্রকাশনী’ (৭৭৩-৭৭৪ স্টলে)।

জীবনের লক্ষ্য নির্ধারণে আমরা প্রায়শই ভুল করে থাকি। বুঝতে পারি না সঠিক সময় কোনটি এবং এখন ঠিক কোন পথটা সঠিক হবে।ফলে স্বপ্ন অধরাই থেকে যায়। অন্ধকার ভেদ করে আলোর পথের দেখাতে সহায়ক এমনই এক বই ।

বইটি সম্পর্কে লেখিকা ড. রেবেকা সুলতানা বলেন, মানুষের চিরন্তন আকাঙ্ক্ষার বিষয় হলো সফলতা। কিন্তু সফলতা কি কেবল ধন-সম্পদ, খ্যাতি কিংবা পার্থিব অর্জনের মধ্যেই সীমাবদ্ধ? নাকি এর গভীরে লুকিয়ে আছে আত্মতৃপ্তি, নৈতিকতা ও মানবকল্যাণের এক গভীর আহ্বান?

ড. রেবেকা সুলতানা বলেন, এই গ্রন্থে সফলতাকে দেখা হয়েছে এক সমন্বিত দৃষ্টিতে। এখানে বলা হয়েছে আত্মবিশ্বাস, অধ্যবসায়, ব্যর্থতা, মৌনতা, শৈল্পিক নেতৃত্ব, শক্তিশালী কল্পনা ও উন্নত চিন্তার গুরুত্বের কথা। সাফল্য কোনো চূড়ান্ত গন্তব্য নয়; এটি এক অবিরাম যাত্রা। যে যাত্রায় মানুষ নিজেকে আবিষ্কার করে, গড়ে তোলে এবং সমাজের কল্যাণে নিয়োজিত হয়।

তিনি আরও বলেন, ইতিহাসের চোখে আজও যারা অমলিন, সেই মহান ব্যক্তিদের সাফল্যের পেছনে ছিল কঠোর পরিশ্রম, দৃঢ় মানসিকতা ও নৈতিক অবস্থান। সেই শিক্ষা থেকেই এই বই পাঠককে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণে এবং ব্যর্থতার অন্ধকার ভেদ করে আলোর পথের যাত্রী হতে অনুপ্রাণিত করবে। শুধু সফল হওয়াই শেষ কথা নয়। যারা একটা সার্থক জীবন গড়তে চান-এই বই তাদের জন্য কিছুটা হলেও গাইড হিসেবে কাজ করবে বলে আমি আশা রাখি।

ড. রেবেকা সুলতানা ১৯৮০ সালের ২ জুন পিরোজপুরের স্বরূপকাঠিতে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়
থেকে গোল্ডমেডেলসহ স্নাতক, ২০০২ সালে স্নাতকোত্তর, ২০১২ সালে এমফিল এবং ২০২১ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক।

‘স্বপ্ন ছোঁয়ার অভিযাত্রা’সহ তার প্রকাশিত গ্রন্থ মোট ৫টি।

অন্য বইগুলো হলো- ‘জয়তু বিবেকানন্দ’ (২০২০  যৌথ),  ‘জীবনের ধারাপাত’ (২০২৩) ‘সাফল্যের সিঁড়ি ১’ (২০২৪), ‘রূপান্তর’ ও ‘সাফল্যের ‘সাফল্যের সিঁড়ি ২’ (২০২৫)।