উত্তরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘বগুড়া লেখক চক্র ২০২৫’ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর ছয়টি বিষয়ে ছয়জনকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৫’ প্রদান করছে।
শনিবার ১৫ নভেম্বর বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক পুরস্কারের জন্য মনোনিতদের নাম ঘোষণা করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘জলছবি’ সম্পাদক জামসেদ ওয়াজেদ, সাংবাদিকতায় মতিউল ইসলাম সাদি এবং শিশুসাহিত্যে হাসনাত আমজাদ।
আগামী ২৮-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে দুই শতাধিক কবি সাহিত্যিক, লিটল ম্যাগাজিনকর্মীরা অংশগ্রহণ করবেন। সেখানে পুরস্কার প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-সম্পাদক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, সংগঠনের সহ সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, গণসংযোগ সম্পাদক অনন্য রাসেল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য মাহাবুব টুটুল, কবি সিকতা কাজল, কবি শাকিবুল শাকিল, কবি মাহফুজ সুইট, রনজু ইসালামসহ সংগঠনের অন্যান্য কবিবৃন্দ।
এছাড়া বগুড়া সাংস্কৃতিক ফোরামের আহবায়ক ও ইয়ূথ কয়্যারের প্রতিষ্ঠাতা তৌফিকুল আলম টিপু ও আহ্বায়ক কমিটির সদস্য নাট্যকর্মী কবির রহমান উপস্থিত ছিলেন।

