গুচ্ছ কবিতা
রোমাঞ্চিত
তোমার ইশারাধ্বনি বাতাসে ভেসে এলো
আকাশে চাঁদ, অবিরাম ঝিঁঝি ডাকা রাত
ভূতগাছে অকারণে জেগে ওঠে সখিভাব
স্বপ্ন ছোটে, ঘুমে করে এ-কাত ও-কাত।
কেন তুমি ঘাই মারো অচেনা নদীর তীরে
কেড়ে নিলে বন, বধূ, বাঁচার অধিকারও
গোধূলি সাজাও নির্জনে, ধরে রাখা নিশ্বাসে
দু’হাত আকৃষ্ট নয় পারো তো আবিষ্ট করো।
লুকানো শস্যদানা আনো মুঠোয় বন্দি করে
যে পথে গেছ, সুর হয়ে তা রচিত সঙ্গীতে
চিঠি লিখে দিলে, মেলে পরাগ-পাপড়িতে
আলো আসে সন্ধ্যা-সভ্যতার আসন্ন শীতে।
কে ডাকে শাখার আড়ালে, ওগো হলুদপাতা
স্রোতহীন জলের নিচে ডুবে হও রোমাঞ্চিত
শত শুঁড়ি খাল তিরের আঘাতে এলোমেলো
পাহাড়ি ফুল হয়ে হে রেণু, তুমি কেন ভীত!
কৃষিজ গোলাপ
আপাতরুক্ষ, মূল ছিন্ন, মাটি লাল
গান হয়ে যে-পথ গেছে—
গায়নভঙ্গিমা থেকে বেরিয়ে,
তুমি গেছ ঠিক তার উল্টো দিকে
প্রেক্ষিতে অনুর্বর মুদ্রনীতি নিয়ে
মুখ-থুবড়ে পড়ে আছে কৃষিশুমারি
বৃন্দভয়ে স্থিমিত হয়ে আসছে
ঘটনাভিত্তিক কবিতা লেখার দিন
অনেক রেষারেষি হলো, বাইশে শ্রাবণ গেল
বসন্তে চর্চিত বদনাম বাতাসে এলোমেলো
ঝাঁপ বন্ধ করার আগে সৃজনের দোহাই দিয়ে
কৃষিজ গোলাপ দিয়ো
বিদ্রুপরসের আভাস দেখা দিলো বলেই তো
এ-দেশের মাটিতে ইতিহাসঋদ্ধ ঘাসে
নতুন করে ফুল ফুটল!
প্রতিজ্ঞা
ছুটির বাতাস বইছে পূর্ণদিবস জুড়ে
অগ্নিতে যতই ঘৃতাহুতি দিক
সামিল হব না আজ কোনো জনযাত্রায়
দীর্ঘলালিত চারাগাছটির কাছে খুলে বলব
আমার স্বভাবধর্ম।
কালো কাক-এ আবৃত আকাশ
স্বচ্ছ’র প্রকৃত সংজ্ঞা নিয়ে অস্বচ্ছ হব না।
সিলেবাস ঘেটে জানাবে,
অহল্যাভূমিতে অরণ্যসৃজন কতটা সম্ভব?
কোথা থেকে পাও বলভরসার জোগান!
ত্রিনয়ন মেলে চলে যাব
কর্মনাশা ছুটির ফাঁদে পা দিয়ে
বাহানা নয়, না চাইতেই দিয়ে দেব
ড্যানিশ কুকি, ফ্রেঞ্চ ওয়াইন, বেলজিয়াম বিয়ার।
বনস্পতি
শ্রাবণে সাগর আর বনে যাব বসন্তে;
প্রসন্ন পাতার কানে বহুবার বলেছি এই কথা
অলিগলি ঘুরে দিনশেষে ঘরে ফিরি
মানুষের ভিড় ঠেলা বোধে—ক্লান্ত, জড়ীভূত
কত জোগাড়যন্ত্র জলে ডুবে যায়, ব্যক্তিগত বাহানায়
বাতাসে ভেসে আসে বহুত্ববাদী ফুলের ফরমান
রীতি বলে—এ হলো মৌখিক শিষ্টাচার
বুদ্ধিজীবী না ভেবে সমর্থন দাও,
গাছের বাকল চিরে কাছে আসো রৌদ্রময়ী
ফাগুনের তাড়া খেয়ে অভিন্ন অপরাধে
দাবানলে জ্বলছে দেখো বৃদ্ধ বনস্পতি।
স্বাতন্ত্র্য
মাধুরীকে সংজ্ঞায়িত করি বেদনার কেন্দ্রে ঘুরে ঘুরে।
মহুয়ার ডালে ময়ূর বসে না কখনো
মৌরীর ঘ্রাণকে নস্যাৎ করে,
পদে পদে বোটকা গন্ধের ছাপ রেখে
হেলেদুলে চলে গেছে বাঘ।
ডুমুরের সংজ্ঞা নিয়ে চিন্তিত হরিণ
পারদে পূর্ণ হয়ে দিশেহারা দাঁড়কাক।
বৃষ্টি পড়ছে বনে, পুরো অরণ্য ভিজে ফানা ফানা
পেখম মেলেছে ময়ূর, শিকারে মেতেছে বাঘ
গোলাপের গন্ধে আচমকা নেমেছে নির্জন
তীব্র থেকে তীব্রতর হচ্ছে কামনাকথন।
জলছবি/এমএম

