মেলায় এলো শিশু, কিশোর ও তরুণদের ভবিষ্যৎ জীবন গঠনের উপযোগী করে লেখা বই ‘মূল্যবোধের শিক্ষায় আলোকিত জীবন’। ড. মিলটন কুমার দেব-এর লেখা বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দি উদ্যানে শিলা প্রকাশনীতে। যার স্টল নং-৭৭৩-৭৭৪।
বইটি সম্পর্কে লেখক ড. মিলটন বলেন, অধুনিক যুগে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সংকট ও সমস্যার জোয়াব বইছে, তার মূলে রয়েছে মূল্যবোধের চরম অবক্ষয়। এ অবক্ষয়ের ভয়াবহতা এত ব্যাপক যে, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন ও ৬নয়ন ধারা বাধাগ্রস্ত হয়ে পড়ে। মূল্যবোধের অবক্ষয়ের কারণ বিবিধ এতে কোনো সন্দেহ নেই, তবে মুখ্যত যথার্থ শিক্ষা সম্পর্কে অজ্ঞতাই এর ফলশ্রুতি। এই অবক্ষয়ের অবসান ঘটতে পারে, যদি আমরা প্রকৃত মানুষ তৈরি করতে পারি যে মানুষের মধ্যে ঘটেছে পরিপূর্ণ মূল্যবোধের বিকাশ। বর্তমান সংকটময় যুগে মূল্যবোধে জীবন গড়া মানুষই একমাত্র ভরসা।
প্রকাশক বিএম কাউছার বলেন, ড. মিলটন কুমার দীর্ঘদিন ধরে শিক্ষকতার সুবাদে সমাজের সকলস্তরে মূল্যবোধের অভাবকে কেবল লক্ষ্যই করেননি, তা দূরীকরণে সচেষ্ট হয়ে নিজের কলম ধরেছেন। তার বইটি মূল্যবোধ জাগরণ সম্পর্কিত রচনা, যা দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের দ্বারা অনুরুদ্ধ হয়ে তিনি লিখেছেন। বইটি সকল শ্রেণি-পেশার মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
লেখক পরিচিতি:
ড. মিলটন কুমার দেব। জন্ম ১৯৭৮ সালে। পিতা স্বর্গীয় শচীন্দ্র দেব, মাতা পুতুল দেব। ইতিহাস বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইউজিসি পিএইচডি ফেলো মনোনীত হয়ে গবেষণা করেছেন এবং কৃতিত্বের সাথে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে ড. দেব ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষক। পাশাপাশি অতিথি শিক্ষকরূপে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক, ইবাইস বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
এছাড়াও খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন। ইতিহাস, সভ্যতা, রাজস্ব-অর্থনীতি, কৃষক অসন্তোষ, ঔপনিবেশিক শাসন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ধর্ম-মানবতাবাদ ও বিবেকানন্দ ভাবান্দোলন বিষয়ে তাঁর লিখিত বহু প্রবন্ধ গবেষণা জার্নাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। History of Bangladesh: 1905-2005 (২০১৪), প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস (২০১৭), ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার: জীবন ও কর্ম (২০১৯), স্যার এফ রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের বাতিঘর তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ।

