বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন ৯জন


বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার ৮টি ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত নয়জন হয়েছেন। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ–গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬’ অনুমোদন করে।

আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।