আকাশে দেখিনা আর কোন পাখি


গুচ্ছ কবিতা

পরমাণু ছায়া

আকাশে দেখিনা আর কোন পাখি
কেবল উড়ছে বোমারু বিমান
খবরে মানুষ মারার নতুন নতুন কৌশল
ভয়ে ভয়ে কাটে দিন ঘুম নেই চোখে

কোথায় কীভাবে ঘুরে যায় চাল
কার হাতে কোন গুটি
কার দিকে কারা ছোড়ে জল বোমা
এই বুঝি জ্বলে ওঠে লেলিহান শিখা

মনে পড়ে যায় হিরোশিমা নাগাশাকি
পুড়ে পুড়ে ছাই হয় কত কুরুক্ষেত্র
মাটি থেকে জেগে ওঠে নব দুর্জন
দেশে দেশে দেখা দেয় পরমাণু ছায়া

স্বগোক্তি

ঠারে ঠারে চোখে তাকাই নিজের দিকে আর গালপারি
নিজেকে শাসাই ধমকাই বলি তুই বড় বেশী নিষ্ঠুর
পৃথিবীতে তোর বেঁচে থাকা কেন অবৈধ হবেনা
পাষাণ হৃদয় নিয়ে কেন বেঁেচ আছিস হয়না মরণ?

মনে মনে ভাবি আমি কি মানুষ সত্যিকারের
আমি কেন পান করিনি শহিদী শরাব
এমন সুযোগ জীবনে আবার আসবে কি ফিরে?
কাপুরুষ ভীরুভাবে বেঁেচ থেকে কী লাভ?

ঝাঝরা হলো না বক্ষ আমার পুলিশ র‌্যাবের গুলিতে
উল্টে গেলনা চোখের গোলক, হায় আফসোস
আমাকে এপিসি থেকে ফেলে দেয়া হলোনা
চওড়া সড়কে পড়ে থাকা গেলোনা মুখথুবড়ে?
দুই হাত তুলে দাঁড়ানো হল না গুলির সমুখে
সাহসে বলিনি- বুকের ভেতর দারুণ ঝড়
বুক পেতেছি গুলি কর-

পানির বোতল নিয়ে ফেরি করে বলিনি
কার কার পানি লাগবে আসেন আমার কাছে
তারপর গুলি খেয়ে মরে পড়ে থাকিনি সড়কে

ফোটা ফোঁটা তাজা রক্তে ভেজেনি রাজপথ
মাথার মগজ ছিটকে পড়েনি বোমার আঘাতে
আমার হাত পা কাটা নয় বেডে শুয়ে
কাঁদিনি অঝোরে সজীব সবল এখনো এই দেহ

আমাকে নাদান, চামার,ভন্ড, টাউট, বাটপার
বলা যায়? নাকি সুযোগ সুবিধা সন্ধানী ?
ঘৃণায় তাকাতে পারিনা নিজের দিকে
নিজেকে মানুষ নয় মনে হয় অমানুষ

দ্রোহের আকাশে নতুন তারকা
সাঈদ, নাফিস, আনাস, মুগ্ধ, ইয়ামিন
আমি অপরাধী, আমাকে ক্ষমা করো
পারিনি শহিদী কাতারে শামিল হতে

আমার বিচার হবে কোন দূর আদালতে
আলোর ফাঁসিতে ঝুলে হব তারা আকাশের

নতুন রতন

শত শহীদের শেণিতে ভিজেঝে যে মাটি
নরম কোমল সে মাটি বড়ই সুজলা সুফলা
কিনতে নবীন কিরণ দিয়েছে জীবন
হাজারো তরুণ কৃষক মজুর পড়ুয়া যুবক

নবীন সুরুজ ঢেলেছে নতুন আলোক
সোনালী কিরণে রঙিন ভূষণে সেজেছে সবুজ প্রকৃতি
হাসির রাশিতে ভরে যাবে সব কৃষক অধর
কালের ধূলায় হারাবে মলিন অতীত

নতুন লাঙল জোয়াল দিয়ে হবে জমি চাষ
স্বাধীন কৃষক তুলবে ফসল ঘরে নব নব
দরজা জানালা খোলা ভরে যাবে গোলা
দৃপ্ত শপথ হারাবো না খুঁজে পাওয়া নতুন রতন

সমাধা

চাঁদের হৃদয়ে বেদনা জাগালে শুধু
অসীম আকাশে নীলের বিস্তার হায়
সাগর জলের প্লাবন তারার দু’চোখে

পৃথিবী বোঝেনা প্রেমের মহিমা অতি
দূরত্ব সহজে ঘোচেনা কেবল থাকে
তৃষিত পরাণ হয়না সমাধা