কবি জামসেদ ওয়াজেদসহ পাঁচ গুণি লেখককে ‘বগুড়া লেখক চক্র’ পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার ২৯ নভেম্বর দুদিনব্যাপী কবি সম্মেলনের সমাপনী দিনে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, কবি-প্রাবন্ধিক আমিনুল ইসলাম।
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ।
বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সাবেক সচিব কবি শাহ সানাউল হক, সিআইডির বিশেষ পুলিশ সুপার কবি মো. মোতাহার হোসেন, বগুড়া ইয়ূথ কয়্যারের প্রতিষ্ঠাতা ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের সভাপতি তৌফিকুল আলম টিপু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
প্রধান অতিথি কবি আমিনুল ইসলাম পুরস্কার প্রাপ্ত ছয় বিশিষ্ট কবি সাহিত্যিকের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সম্মানিত অতিথিবৃন্দ সনদপত্র প্রদান করেন ও উত্তরীয় পরিয়ে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘জলছবি’ সম্পাদক জামসেদ ওয়াজেদ, কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব, সাংবাদিকতায় মতিউল ইসলাম সাদি এবং শিশুসাহিত্যে হাসনাত আমজাদ।
এর আগে গত ১৫ নভেম্বর বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক পুরস্কারের জন্য মনোনিতদের নাম ঘোষণা করেন।

