শতবর্ষ। সময়ের এক পরিপূর্ণ বৃত্ত। এ এক দীর্ঘযাত্রা। যেখানে থেমে থেমে বাজে স্মৃতি, প্রতিধ্বনি আর অমরতার সুর। বাংলা সাহিত্যের ইতিহাসে কিছু সৃষ্টি আছে, যেগুলোর বয়স যত বাড়ে, ততই তারা আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে মিশে যায়। এমনই একটি কালজয়ী সৃষ্টি পল্লীকবি জসীম উদদীন রচিত “কবর” কবিতা। যার জন্ম হয়েছিল ১৯২৫ সালে। এখন ২০২৫ সাল। এই কবিতাটি তার একশততম জন্মবর্ষে পা রাখলো। এ যেনো এক অনন্য উপলক্ষ, এক অনুপম সৌন্দর্যের শ্রদ্ধাঞ্জলি।
পল্লীকবি জসীম উদদীন বাংলা সাহিত্যের সেই বিরল কণ্ঠস্বর; যিনি শহুরে চেতনার বাইরে দাঁড়িয়ে বাংলার গ্রামীণ আত্মাকে তুলে এনেছিলেন কবিতার শিরায় শিরায়। তিনি বিশ্বাস করতেন, সাহিত্য হৃদয়ের ভাষা। আর হৃদয় বাস করে গ্রামের মাটিতে সহজিয়ায়, সরলতায়, আন্তরিকতায়। তার প্রতিটি পঙ্ক্তিতে আমরা পাই পুকুরঘাট, বাঁশবন, কাঁচা রাস্তা, ভাঙা মাচান, জুঁই, পুঁই, বেতুই লতা-পাতার জড়াজড়ি এমনি অসংখ্য গ্রামীণ অনুষঙ্গ। পাই সবচেয়ে বেশি ভালোবাসা ও বিচ্ছেদের অন্তহীন মায়া।
“কবর” কবিতাটি ছিল বাংলা সাহিত্যের সর্বাধিক জনপ্রিয় কবি জসীম উদদীন এর প্রথম স্বীকৃত প্রকাশ। মাত্র একুশ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায় জমা দেওয়া এই কবিতাটি পাঠ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিস্মিত হয়ে বলেছিলেন,
“এ ছেলে রসের কবি, ওকে আলাদাভাবে দেখতে হবে।”
অনেকেই মনে করে থাকেন যে, রবীন্দ্রনাথের এই একটি মন্তব্য বাংলা সাহিত্যে পল্লীধারার বৈধতা এনে দিয়েছিল। তবে এটিও দিবালোকের মত স্পষ্ট যে, এর আগেও বাংলা সাহিত্যে অনেক কবিই পল্লীধারায় কবিতা লিখেছেন। তবে আমি করি, রবীন্দ্রনাথের এই স্বীকৃতি একটি ভিন্ন মাত্রা যোগ করেছিল। তদুপরি এটি কেবল একটি কবিতার স্বীকৃতি ছিল না। এটি ছিল এক নতুন কাব্যিক ধারা প্রতিষ্ঠার মুহূর্ত।
“কবর” কবিতার পটভূমি এক দাদু ও তার নাতির কথোপকথন। কিন্তু এটি নিছক কথোপকথন নয়; এ যেন এক কালের নদীতে ভেসে চলা শোকগাঁথা। বৃদ্ধ দাদু নিয়ে যান নাতিকে কবরস্থানে। দেখান তার স্ত্রী ফাতেমা, পুত্র-কন্যার কবর, আর বলতে থাকেন,
“এইখানে তোর দাদীর কবর, এইখানে তোর ফাতেমার ঘর…” কিন্তু এই ‘ঘর’ আর নেই। সেই মানুষও নেই। রয়ে গেছে শুধু কবরের স্তব্ধতা আর এখনো জীবিত এক মানুষের মাঝে জমে থাকা স্মৃতির কান্না। এই অনুভূতি এমনই এক ধাঁচের যে, কঠিন হৃদয়ের মানুষকেও মোমের মতো গলিয়ে দেয়। দুই চোখে শ্রাবণ ডাকতে বাধ্য করে। কবির ভাষায়,
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
কী গভীর চিরায়ত আবেগের অতন্দ্র লহরী! আনন্দ এবং বিষাদের যুগপৎ মিলনমেলা। এই কবিতায় মৃত্যুর চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে জীবনের অবিনাশী টান। ফাতেমা নেই, কিন্তু দাদুর স্মৃতিতে তিনি আজো নিঃশ্বাস নেন।
“আহারে ফাতেমা, কতদিন হইল তুই মরে গেছিস, তোরে ডাক দিলে কেউ আর সাড়া দেয় না!”
এই একটি পঙ্ক্তিই বলে দেয় কী ভয়ংকর নিঃসঙ্গতা মৃত্যু বয়ে আনে, আবার কী অমোঘ ভালোবাসা তাকে অতিক্রম করেও বেঁচে থাকে।
কবর কবিতার ভাষা ও কাব্যরীতি অসাধারণ। আবেশময়। ঠিক যেন আবহমান বাংলার অপরুপ প্রকৃতির মতোন। তিনি“কবর” কবিতায় কোনো কৃত্রিম অলঙ্কার ব্যবহার করেননি। তিনি বেছে নিয়েছিলেন মা, মাটি-মিশানো সহজ পল্লীভাষা। কিন্তু এই ভাষার মধ্যেই ছিল অদ্ভুত এক সংবেদনশীলতা, এক জ্যোতির্ময় ব্যথা, যা আজো পাঠকের হৃদয় কাঁপিয়ে তোলে। কাঁপিয়ে তুলবে যতদিন বাংলা সাহিত্য আছে, থাকবে ততোদিন।
এখানে শব্দগুলি কেবল শ্রুতিমধুর নয়, বরং আরও কয়েক ধাপ এগিয়ে জীবনমুখী। কবরের নীরবতা, মৃত্যুর ঊর্ধ্বে থাকা ভালোবাসা, পারিবারিক বেদনা—সব মিলিয়ে এই কবিতা হয়ে ওঠে এক নিঃসঙ্গ পল্লিচিত্র, যা আমাদের প্রত্যেকের ভেতরে একটুকরো স্মৃতি হয়ে বসে থাকে। কবির ভাষায়,
মাটিরে আমি যে বড় ভালবাসি, মাটিতে লাগায়ে বুক
আয়-আয় দাদু, গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ।
সবচেয়ে বড় কথা হল, কবর’ কবিতাটি কেবল একটি ব্যক্তিগত শোকের আখ্যান নয়; এটি গ্রাম বাংলার চিরচেনা এক চিরায়ত চিত্র। এখানে একজন বৃদ্ধ তার প্রিয়জনদের কবরের পাশে বসে তাদের কথা স্মরণ করছেন। হারানো দিনের স্মৃতিগুলো তার মনে ভিড় করে আসে। পুত্র, কন্যা, বধূ একে একে সকলের মৃত্যুর বেদনার্ত স্মৃতি কবিতার পঙ্ক্তিতে জীবন্ত হয়ে ওঠে। জসীম উদ্দীন অসাধারণ দক্ষতায় গ্রামীণ জীবনের সহজ সরল ভাষা ব্যবহার করে এই গভীর শোকাবহ অনুভূতি প্রকাশ করেছেন। কবি বলেছেন,
শত কাফনের, শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি,
গণিয়া গণিয়া ভুল করে গণি সারা দিনরাত জাগি।
কবিতার শুরুতে আমরা দেখি জীর্ণ একাকী বৃদ্ধকে, যার জীবনের সকল আলো নিভে গেছে। কবরের নীরবতা যেন তার নিজের ভেতরের শূন্যতাকেই প্রতিধ্বনিত করে। প্রকৃতির শান্ত অথচ বিষণ্ণ চিত্র বাঁশঝাড়ের পাতা ঝরা, শিয়ালের ডাক… এই শোকাবহ পরিবেশকে আরও গভীর করে তোলে।
এরপর বৃদ্ধ তার হারানো সন্তানদের কথা বলেন। তাদের হাসি-কান্না, আদর-স্নেহ, সংসারের খুঁটিনাটি ইত্যাদি প্রতিটি বিষয় তার স্মৃতিতে উজ্জ্বল হয়ে ওঠে। পুত্র হারানোর বেদনা যেমন তীব্র, তেমনি আদরের কন্যার অকালমৃত্যুর শোকও হৃদয়বিদারক। বধূর শান্ত মুখ এবং তার হাতের কাজের স্মৃতিও বৃদ্ধকে ব্যথিত করে তোলে।
‘কবর’ কবিতার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর আন্তরিকতা ও আবেগ। জসীম উদ্দীন কোনো প্রকার কৃত্রিমতা ছাড়াই একজন সাধারণ মানুষের শোককে অসাধারণ কাব্যিক ব্যঞ্জনায় মূর্ত করে তুলেছেন। গ্রামীণ উপমা ও চিত্রকল্প ব্যবহার করে তিনি কবিতাকে দিয়েছেন এক মাটির গন্ধ, যা পাঠকের মনকে সহজেই স্পর্শ করে।
একটি শতাব্দী পরে দাঁড়িয়ে আমরা যখন “কবর” কবিতার দিকে ফিরে তাকাই, তখন আবিষ্কার করি
এই কবিতা কেবল কোনো একজন দাদুর ব্যথার গল্প নয়। এটি হয়ে দাঁড়িয়েছে বাঙালি অস্তিত্বের অন্তর্গত ভালোবাসা, শোক, নিঃসঙ্গতা আর মানবিকতার চিরকালীন দলিল। গ্রামীণ জীবনযাত্রা হয়তো বদলে গেছে। প্রযুক্তি এসেছে। প্রযুক্তি গিয়েছে। কিন্তু ভালোবাসার ব্যথা কখনও বদলায় না। মৃত্যুর শূন্যতা বদলায় না। এই কবিতায় আমরা পাই সেই চিরন্তন সত্যের বর্ণনা, যা আজো আমাদের জীবনের আয়নায় স্পষ্ট প্রতিফলিত হয়।
“কবর” কবিতার শতবর্ষ মানে শুধু একটি কবিতার দীর্ঘজীবিতা নয়। এটি হলো বাংলা সাহিত্যের হৃদয়ে এক শতক ধরে জ্বলতে থাকা মোমবাতির আলো। যা এখনো আমাদের চোখ ভিজিয়ে দেয়। হৃদয় আন্দোলিত করে। হৃদয়ে ক্ষরণ হয়। এইসব বিষয় বিবেচনায় নিলে প্রিয়কবি জসীম উদদীন তাঁর এই একটি কবিতার মধ্য দিয়েই সারা বাংলার পল্লি-প্রকৃতি এবং আপামর সাধারণকে একটি কবিতায় পরিণত করেছিলেন। যা কেবল বাংলা সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যেও বিরল।
আমরা যারা সাহিত্যপ্রেমী, স্মৃতি-ভরসা মানুষ তারা “কবর” কবিতাকে দেখি আত্মার আয়নায়। শতবর্ষ পরে দাঁড়িয়ে আজও যখন কেউ বলে, “এইখানে তোর দাদীর কবর…”
তখন কেবল একটি কবিতা নয়, একটিমাত্র কথায় বাজে এক নিঃশব্দ কান্না। যেটি আমাদের সকলের হৃদয়ের কথা। শ্রদ্ধাঞ্জলি পল্লীকবি জসীম উদদীনকে।
আমার গভীর বিশ্বাস, তাঁর সাহিত্যকর্ম আগামী প্রজন্মের জন্য একটি অমূল্য দান, যা আমাদের জাতীয় সাহিত্য ঐতিহ্যের অংশ হিসেবে চিরকাল জীবিত থাকবে।

