১.
আমি বৃষ্টি ভালোবাসি
আমি তোমাকেও ভালোবাসি
বৃষ্টি ভেজা সকাল, কী মনোরম!
ছায়া ফেলে দেহে। ঘন হয়ে আসে মন
আমাদের আনন্দ। আমাদের জীবন।
এভাবেই শুরু হয় একটি নতুন দিন
পথ চলা।
২.
শিরদাঁড়া সোজা রাখাই কবিতা।
আমি শিরদাঁড়া সোজা ও খাড়া করে দাড়িয়ে আছি
কবিতাও লিখে যাচ্ছি
দেখে যাচ্ছি কত কিছু
লিখেও যাচ্ছি অনেক কিছু
আমার আশেপাশে, আমার ভিতরে-বাহিরে
আমার মধ্যখানে, অনেক
কিম্বা একটু যতি অথবা হাইফেন
সেটিও কবিতা
মূলত আমি, কবিতাময়। আমাতেই কবিতার স্ফূর্তি।
৩.
মাঝে-মাঝে ফেরাটা দেখতে হয়
এই যে তুমি ফিরে যাচ্ছো, মনের মধ্যে
আমি তা দিব্যি দেখতে পাচ্ছি
মনে হচ্ছে ফিরে যাচ্ছো, একেলা, বনের মধ্য দিয়ে
অথচ আমি নেই, কিন্তু দেখছি
এই অপূর্ব দৃশ্যাবলী-ই আমার কবিতা
৪.
আমরা তোমার কোন অবদানকেই
অস্বীকার করি না প্রভু
জীবন-যৌবন-বার্ধক্য-জ্বরা-মৃত্যু
সব তোমার ইচ্ছায়, তোমার ইশারায়
আসে ও যায়।
হায়, আমাদের মন ও প্রাণ
আমাদের ইচ্ছা ও কাঙ্খা
আমাদের যাপিত জীবন
আমাদের সংসার, সন্তান, কামনা, বাসনা, ক্রোধ…
কেন তবে আমাদের হাতে?
কেন এবং কোনপথে, কীভাবে যায় ও যাবে
সব তোমার জানা, তোমার নক্সা করা
আমাদের চলার পথ কেন তবে বাঁকা?
কেন তবে বাধাগ্রস্ত?
দ্বিধাগ্রস্ত?
সংসয় ও হিংস্রতায়, চুর-চুর?
দূর করো প্রভু
যাবতীয় অশান্তি ও ক্লেদ জেদ
দাও প্রশান্তি
তোমার শীতল পরশ
স্নিগ্ধ ছায়া
করো মায়া
প্রভু প্রভু
৫.
আমাকে আমার মতো থাকতে দাও
আমাকে আমার মতো ডাকতে দাও
আমি ভূমিকম্প এনে দিব
ঝড়ে তছনছ করে দিব
শয়তানের সাজানো বাগান।
৬.
কিছু একটা হারিয়েছে আমার
পাচ্ছি না
কেউ কী জানেন
আমি কি হারিয়েছি?
আসার পথে ট্রেন চালককে
জিজ্ঞাসিলাম
ভাই, তুমি কী কিছু জানো
আমি কী হারিয়েছি, এই প্ল্যাটফর্মে?
টহলরত পুলিশকেও বললাম
(যে আমায় বহুদিন কথা বলতে দেখেছে)
এ ব্যাপারে সে কিছু জানে কি-না
এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড
তাকেও সুধালাম
বডি ও ব্যাগেজ চেক করতে গিয়ে
কিছু পেয়েছে কি?
কারো মুখেই কোন সদুত্তর নেই
সবাই যেন দেখছে
ভিন গ্রহের এক এলিয়েন
হ্যাঁ, এলিয়েন-ই তো!
ভুল করে আসা এক প্রাণী আমি
এই পৃথিবীতে
নিজেকে হারিয়ে নিজেই
চলছি এক অজানায়…
[কেউ আমার দেখা পেলে, জানাবেন, প্লিজ।]

